স্টাফ রিপোর্টার, ১৪ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের অসহায় দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনের চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আজ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে নাজনীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন। পাশাপাশি নাজনীনের পরিবারের প্রতি তারেক রহমান-এর সহমর্মিতার বার্তাও পৌঁছে দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।
তারেক রহমান-এর পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন নাজনীনের পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মানবিক এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু।
এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পাননু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুল মজিদ, শৈলকূপা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন, শৈলকূপা পৌর বিএনপি’র সভাপতি সেলিম রেজা ঠান্ডু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সোহেল খান প্রমুখ।
প্রসঙ্গত, নাজনীন বর্তমানে ১৮ বছর বয়সী। দীর্ঘ ১৩ বছর ধরে অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে শিকলে বাঁধা রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। নাজনীনের ভাই জোবায়েরও মানসিক প্রতিবন্ধী। দিনমজুর নাছির মন্ডল ও তার স্ত্রী বুলবুলি বেগম দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরেই চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।





