শোষণমুক্ত সমাজ গড়তে সবার সহযোগিতা চান জয়নুল আবদিন ফারুক

প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একসঙ্গে কাজের আহ্বান

স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমানের শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় অতীতের ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক আইনশৃঙ্খলা, মাদক, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়ার পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া ঈদের আগে বিজিএফ কার্ড বিতরণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

উপজেলা পরিষদের সভা কক্ষে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক।

এ সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, এলজিইডি প্রকৌশলী সাবিনা ইয়ামিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল হক, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার মিনারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।