স্টাফ রিপোর্টার | ৩০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, ভোটাধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে শ্রমিক শ্রেণি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সূচনা হয়। বাংলাদেশেও শ্রমিক সমাজ দীর্ঘদিন অবহেলিত এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা প্রতিনিয়ত সংগ্রাম করছে।
নজরুল ইসলাম খান বলেন, অতীতে অগণতান্ত্রিক শাসনামলে মালিকপক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার সীমিত ছিল এবং তারা নানা সমস্যার মুখোমুখি হয়েছে।
তিনি অভিযোগ করেন, ২৮ অক্টোবর ২০২৩ বিএনপি মহাসমাবেশ চলাকালে বিএনপি ও শ্রমিকদলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং হতাহতের ঘটনাও ঘটে।
বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের জীবনমান কঠিন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে শিল্প-কারখানা বন্ধ হয়ে শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি কাঠামো হালনাগাদ হয়নি এবং সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ বৃদ্ধি পাওয়ায় শ্রমবাজার অনিশ্চিত হয়ে উঠছে। এতে শিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।





