সংবিধান মেনেই সংস্কার পরিষদ গঠন করতে হবে: নজরুল ইসলাম খান

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি সরকার, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশ অনুমোদনের কথা স্মরণ

স্টাফ রিপোর্টার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করাই রাজনৈতিক দলের দায়িত্ব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে যা যা প্রয়োজন, নির্বাচিত বিএনপি সরকার তা করবে।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে কোন কোন সমস্যাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কীভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে, তা স্পষ্টভাবে উল্লেখ আছে। গণমাধ্যম বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করলে মানুষ আরও পরিষ্কার ধারণা পাবে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিএনপির কোনো দ্বিমত নেই। তবে এখনো সংবিধানে এ ধরনের পরিষদ গঠনের বিধান অন্তর্ভুক্ত হয়নি। সংবিধান সংশোধন করে পরিষদ গঠনের বিধান এবং শপথ পরিচালনার বিষয়টি স্পষ্ট করতে হবে। এরপরই পরিষদ গঠন করা সম্ভব।

নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি অপছন্দের নয়; বরং সংবিধান অনুযায়ী চলার প্রশ্ন। অতীতেও বিএনপি সংবিধান মেনেই পদক্ষেপ নিয়েছে। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করে ক্ষমতা হস্তান্তরের উদাহরণ তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার পর থেকে ৩০ দিনের মধ্যে সংসদ না থাকা অবস্থায় জারি হওয়া অধ্যাদেশগুলো অনুমোদন করতে হয়। সেই প্রক্রিয়ার মাধ্যমেই সংবিধানে প্রয়োজনীয় সংশোধন এনে সংস্কার পরিষদ গঠন করা যাবে। তখন সবাই মিলে কাজ করতে কোনো অসুবিধা হবে না।