ঢাকা, ৩১ অক্টোবর ২০২৫: নিউজ চ্যানেল বিডি |
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, গণভোটের ফলাফল ও সাংবিধানিক সংশোধনের প্রক্রিয়া সংবিধানের অনুচ্ছেদ ১৪২ অনুযায়ী পরিষ্কারভাবে নির্ধারিত।
তিনি বলেন, যদি গণভোটে কোনো প্রস্তাব জনগণ প্রত্যাখ্যান করে, তবে পরবর্তী সংবিধান সংস্কার সভা বা সংসদ সেটি গ্রহণ করতে পারবে না। তবে ভবিষ্যতে সংসদ চাইলে দুই-তৃতীয়াংশ ভোটে নতুন সংশোধনী আনতে পারে।
গণভোটে প্রস্তাব গৃহীত হলে সংসদকে ২৭০ দিনের মধ্যে তা কার্যকর করতে হবে। সময়সীমার মধ্যে বিল আকারে আলোচনা ও অনুমোদনের মাধ্যমে গণভোটের ফল গৃহীত হবে। অন্যথায় ২৭০ দিন শেষে তা স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে, যা অনেক আইনেই “consequential provision” হিসেবে বিদ্যমান।
তবে তিনি স্বীকার করেন, এই স্বয়ংক্রিয় অনুমোদনের ধারা নিয়ে সমালোচনা রয়েছে। সরকারের হাতে এখানেও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গৃহযুদ্ধের আশঙ্কা প্রসঙ্গে শিশির মনির বলেন,
“আমি মনে করি না দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। যে রাজনৈতিক দলগুলো আন্দোলনের মাধ্যমে এসেছে, তারা সংস্কার প্রক্রিয়াকে অস্বীকার করে নিজেদের ক্ষতি করবে না। গৃহযুদ্ধ কারও জন্যই লাভজনক নয়।”
তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা সাময়িক এবং সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিয়ে গণভোট ও নির্বাচনের মাধ্যমে সংকট সমাধানের পথে এগিয়ে যাওয়া উচিত।





