সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপি, স্বতন্ত্র ও জামায়াত জোটের প্রার্থীরা যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ; কিছু মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার | ২৩ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দুই দিনের যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও ইসি সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩৬ জন, তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোট-এর ১২ জন প্রার্থী রয়েছেন।

ইসি জানায়, আইন অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের শরিক এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া কোনো দল বা জোটের সমর্থন না থাকায় তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বাতিল হয়।

এর আগে বুধবার যাচাই-বাছাইয়ে জামায়াত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেওয়ায় আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণ করা হয়নি। ফলে জোটটির একটি আসন আপাতত শূন্য রয়েছে, যা নতুন তফসিলে উন্মুক্তভাবে নির্বাচনের সম্ভাবনা রয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত আপিল করা যাবে। ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি হবে এবং ২৯ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে দল বা জোটের বরাদ্দ অনুযায়ী সমসংখ্যক বৈধ প্রার্থী থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।