স্টাফ রিপোর্টার, ১৮ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত পল্লবী থানা যুবদলের সদস্য সচিব মরহুম গোলাম কিবরিয়াকে শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত মানুষের ঢল নেমেছে। উপস্থিত সকলেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এ প্রার্থনা জানানো হয়।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পল্লবী এলাকার মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লকে বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামের দোকানে বসে থাকার সময় তিন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে দোকানে প্রবেশ করে তাকে খুব কাছ থেকে গুলি করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়—মাত্র ১০ সেকেন্ডে দুর্বৃত্তরা মাথা, বুক ও পিঠে ৭ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ।
এ হামলায় আরিফুল (২২) নামে এক রিকশাচালকও গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কিবরিয়াকে সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।
হত্যার ঘটনার নিন্দা জানিয়ে যুবদলের কেন্দ্রীয় নেতারা বলেন—এটি চলমান রাজনৈতিক অস্থিরতা ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অংশ। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






