স্টাফ রিপোর্টার, ২০২৫-১২-০৭, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ নেই, বিনোদনের জায়গা নেই, মুরব্বিদের সময় কাটানোর জন্য কোন ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গাসহ সবকিছু দখলে নিয়ে দালান নির্মাণ করেছে। তিনি বলেন, নির্বাচিত হলে এসব জায়গা মুক্ত করবেন। তাঁর ভাষায়—“আমি এসব ক্ষোভ থেকেই বলছি। আমি যেখানে মাঠ ও বিনোদনের জায়গা দিয়েছিলাম, সেগুলোও সব দখলে নিয়েছে এই আওয়ামী লীগ। কারণ যারা এ এলাকার নন, তাদের এই এলাকার প্রতি মায়া থাকে না।”
তিনি বলেন, “ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমি এলাকারই সন্তান—আমার সে সুযোগ নেই।”
রবিবার বিকালে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নম্বর ওয়ার্ডের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরব্বিদের সাথে মতবিনিময় ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “১৭ বছর পর এই কলেজে এলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড করে দিয়েছে, দখল করে শেষ করে দিয়েছে বিভিন্ন স্থাপনা। আগে এ এলাকায় মাদক ছিল না, এখন বড় সিন্ডিকেট তৈরি হয়েছে। তবুও এটি নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবী শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। যেকোনো সমস্যায় আমাকে কল দেবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। মনে রাখতে হবে—সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপোষ নেই।”
তিনি আরও বলেন, “ঢাকা মহানগরকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল দখলমুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় দখল হয়ে গেছে, ময়লা পানি বের হবার পথ বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার সাজ্জাদ জহির এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।





