লন্ডন, ৭ অক্টোবর ২০২৫:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মূলনীতি হবে “সবার আগে বাংলাদেশ”। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং দেশের মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।
বি বি সি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “যদি ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয় বা তাদের ওপর আঘাত আসে, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও জানান, ভারতের কাছে বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি জানানো হয়েছে। ফেলানির মতো সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
তারেক রহমান বলেন, এসব উদাহরণের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে যে, বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে বিএনপি নীরব থাকবে না। তিনি আরও যোগ করেন, “আমরা সহযোগিতা চাই, কিন্তু তা হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে—জাতীয় স্বার্থের বিনিময়ে নয়।”





