সমগ্র চট্টগ্রামে সমন্বিত অস্ত্র উদ্ধার অভিযান দাবি, নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা

আমি এখন রিমোট কন্ট্রোলে চলছি, দল যা সিদ্ধান্ত নেবে সেটার সঙ্গেই থাকবো’— বলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সমগ্র চট্টগ্রামজুড়ে সামরিক বাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে বিশেষ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, বিক্ষিপ্তভাবে কোনো একটি এলাকাকে টার্গেট না করে পুরো চট্টগ্রামে একযোগে অভিযান চালানো উচিত।

তিনি বলেন, “আমি এখন রিমোট কন্ট্রোলে চলছি। আমার পেছনে ইমাম সাহেবও থাকে, পকেটমারও থাকে। কে কার সঙ্গে ছবি তুলছে—তা দেখে কাউকে বিচার করা মানবিকভাবে সম্ভব নয়।” সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, কার সঙ্গে কে বসেছে বা ছবি তুলেছে—এগুলো দিয়েই কাউকে সন্ত্রাসীর সঙ্গে যুক্ত বলা যাবে না।

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কাউকে সমর্থন দেব কি দেব না—এটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হবে। দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটার সঙ্গেই থাকবো।” মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর ২০ তারিখের পর প্রশাসনের সঙ্গে খোলাখুলি কথা বলবেন বলে জানান তিনি।

গত ১৮ মাস প্রশাসনের সঙ্গে কোনো খোলামেলা আলোচনা করেননি উল্লেখ করে তিনি বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে চিঠি দিয়েছেন। সেখানে সমগ্র চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা রাজনীতিতে বিশ্বাস করি, অস্ত্রমুক্ত সমাজ চাই। অস্ত্র উদ্ধার অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু একই সঙ্গে দেখতে হবে—একদিকে অস্ত্র উদ্ধার হচ্ছে, অন্যদিকে যেন নতুন করে অস্ত্র ঢুকতে না পারে।”

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পদক্ষেপে মোটামুটি সন্তুষ্ট। “এখন নির্বাচন কমিশনে অভিযোগ দিলে শুনানি হচ্ছে। গত ২০ বছরে এমন পরিবেশ ছিল না,” জানান তিনি।

চট্টগ্রামে কয়েকজন থানার ওসি বদলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি-ঘেঁষা অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। “এরকম উদাহরণ আগে কেউ দেখাতে পারবে না,” বলেও মন্তব্য করেন তিনি।