সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনা বিএনপি চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তিনি বলেন, শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করেছেন, যারা বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন।

তারেক রহমান আরও বলেন, একজন আদর্শ মা হিসেবে তিনি নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।