স্টাফ রিপোর্টার | ১০ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সরকারি বিভিন্ন শূন্য পদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালাম-এর সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অনেক পদ শূন্য রয়েছে। প্রশাসনকে আরও গতিশীল করা এবং জনগণের কাছে দ্রুত ও সহজভাবে সেবা পৌঁছে দিতে এসব পদে নিয়োগ প্রয়োজন। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।
তিনি বলেন, “যত দ্রুত সম্ভব আমরা এই শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করবো, ইনশাআল্লাহ।”
বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় নির্ধারিত পাঁচটি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নেরও জবাব দেন।
এদিকে পাবনা-৫ আসনের বিএনপি সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস অনুপস্থিত থাকায় তার প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।
ওই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
সংসদে মাদারীপুর-২ আসনের বিএনপি সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাস করে। তিনি জানান, ঈদের আগে দেওয়া সরকারি সহায়তা বিরোধী দলের কোনো সংসদ সদস্য না পেয়ে থাকলে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারদলীয় সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সদস্যদের এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং সরকারের পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।





