স্টাফ রিপোর্টার, ৫ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি আজ প্রকাশ করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং রাতেই ডকুমেন্টারিটি প্রকাশ করে।
ডকুমেন্টারিতে বলা হয়, “শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রযোজিত ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের এই ডকুমেন্টারিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার প্রক্রিয়ায় তাঁর ভূমিকা এতে চিত্রায়িত হয়েছে।
এছাড়া এক-এগারোর সময় তাঁর আপসহীন অবস্থান—নিজে ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপোস না করার দৃঢ়তা—এবং ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তাঁর কারাবরণের ঘটনাও ফুটিয়ে তোলা হয়েছে।
ডকুমেন্টারির শেষাংশে বলা হয়: “বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।”





