স্টাফ রিপোর্টার, তারিখ: ২৩ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে যোগ দেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনাবাহিনীর সাবেক সদস্য ও তাদের নিকটাত্মীয়রা। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালের বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৭২ জন সেনা মুক্তিযোদ্ধার পরিবারকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ২০২৪, ২০২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন অবদানের জন্য বাহিনীর ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৬৪ জন মনোনীত সেনা সদস্যের হাতে বিশিষ্ট সেবাপদকের স্বর্ণপদক তুলে দেন সেনাপ্রধান।
প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “স্বাধীনতার যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের বীরত্বগাঁথা আমাদের অনুপ্রেরণা। মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী।” তিনি আরও বলেন, “স্বাধীনতা যুদ্ধে আপনারা মুক্তিযোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন, তার মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা—এটি আমাদের সর্বোচ্চ অর্জন। আপনারাই জাতির শ্রেষ্ঠ সন্তান।”
সেনাপ্রধান উল্লেখ করেন যে অভ্যুত্থান-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি জানান — “নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী।” তিনি আরও বলেন, “আমরা সামনে নির্বাচনের দিকে এগোচ্ছি। যথাযথভাবে সরকার ও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন দেশ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন পায়।”
অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিনজনকে মরণোত্তর সেনাবাহিনী পদক প্রদান করা হয়।





