স্টাফ রিপোর্টার | ২২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণ, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অর্পিত সম্পত্তি আইনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল নাগরিকের সমঅধিকারে বিশ্বাসী। তিনি অতীতে বিভিন্ন সময়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলেও প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
বৈঠকে পূজা উদযাপন পরিষদের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য একজন ‘ফোকাল পয়েন্ট’ কর্মকর্তা নিয়োগের দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
আলোচনায় গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত বক্তব্যের বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তবে সকল সম্প্রদায়কেই দায়িত্বশীল আচরণ করতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য বা কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। দেশে শান্তি, স্থিতিশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।





