স্টাফ রিপোর্টার | ১৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল
সারাদেশে নিরবিচ্ছিন্ন ও সময় সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি জানান, বৈঠকে দেশের রেলওয়ের আধুনিকায়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
হাসান শিপুল বলেন, “পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেললাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তর, রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও জানান, এসব পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্য অর্থায়ন কাঠামো নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
সরকারের লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত, নিরাপদ এবং আধুনিক রেল যোগাযোগ নিশ্চিত করা, যাতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় উভয়ই কমে আসে।
বৈঠকে রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।





