স্টাফ রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।
সহায়তাকারী কর্মকর্তা হিসেবে থাকছেন—মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), চিফ অব জেনারেল স্টাফ (সেনাসদর), পুলিশ মহাপরিদর্শক (বাংলাদেশ পুলিশ), মহাপরিচালক (বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি), মহাপরিচালক (আনসার ও ভিডিপি), মহাপরিচালক (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর-ডিজিএফআই), মহাপরিচালক (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই), মহাপরিচালক (বাংলাদেশ কোস্ট গার্ড), মহাপরিচালক (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর) এবং মহাপরিচালক (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব)।
প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে। পরিস্থিতির অবনতি হলে কারণ চিহ্নিত করে তা নিরসনে সুপারিশ দেবে। পাশাপাশি হরতাল, অবরোধ, ধর্মঘট ও জনজীবন ব্যাহতকারী অন্যান্য ঘটনা প্রতিরোধ এবং সৃষ্ট দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে ২০ আগস্ট ২০২৪ তারিখে জারি করা এ সংক্রান্ত পূর্ববর্তী প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।





