স্টাফ রিপোর্টার | ১০ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় যাকে ইচ্ছা ক্ষমতায় আনবে, সেটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়। তবে সীমান্তে বারবার বাংলাদেশিদের গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, “ভারতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। সেখানকার জনগণ যাকে খুশি ভোট দেবে, যেকোনো দলকে ক্ষমতায় আনবে। সেখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে—বারবার বাংলাদেশিদেরকে সীমান্তে গুলি করে হত্যা করা হবে কেন?”
রিজভী অভিযোগ করেন, নানা আলোচনা ও কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক বক্তব্যের পরও সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। তিনি বলেন, “অনেকেই বলেন ঢাকা-দিল্লির সম্পর্ক অত্যন্ত চমৎকার। তারপরেও গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো কিসের আলামত?”
বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ কেউই দুই দেশের মধ্যে বৈরিতা চায় না। প্রতিবেশী দুইটি দেশ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুক—এটাই জনগণের প্রত্যাশা।
তিনি বলেন, “আমরা আমাদের দেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবো, সরকার গঠন করবো। ভারতও তাদের নিজেদের ভাগ্য নিজেরা পরিচালনা করবে। তারা সুখে শান্তিতে থাকুক, আমরাও সুখে শান্তিতে থাকবো। একটি সৎ প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।”
সীমান্তে সহিংসতা বন্ধে ভারতের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, “আপনারা যদি বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে সীমান্তকে বারবার রক্তাক্ত করা বন্ধ করতে হবে। এই সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে।”





