সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান: মাঠে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে

মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা

স্টাফ রিপোর্টার | ২ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

নির্বাচনের মাঠে সব প্রার্থীকে স্বাগত জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি—রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী—সবার জন্যই নির্বাচন উন্মুক্ত। ইনশাআল্লাহ দেশে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে—এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা।

তিনি বলেন, এটি শুধু জনগণের আকাঙ্ক্ষাই নয়, শহীদদের রক্তেরও আকাঙ্ক্ষা। জনগণ আজ নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে উদগ্রীব। সেই পরিবেশ বজায় রাখা এবং আরও শক্তিশালী করা আমাদের সবার দায়িত্ব।

নির্বাচনী মাঠে সবার জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দলসমূহ এবং জনগণ—সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোটের সহায়ক বাহিনী নির্বাচনকালীন সময়ে শৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে মূল ভূমিকা পালন করবে জনগণ। যেহেতু সবাই মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাই জনগণকেই ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শেষে তিনি দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্পূর্ণ স্বাধীন পরিবেশে নিজ নিজ বিবেচনায় পছন্দের প্রার্থী ও দলকে ভোট দিন, যেন আগামী দিনে একটি শক্তিশালী, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।