স্টাফ রিপোর্টার: ১০ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
দীর্ঘ সময় পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় মানুষের মধ্যে শঙ্কা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তবে এবারের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত মোটামুটি ভালো বলেই তিনি মনে করছেন।
তিনি বলেন, শুরুতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরে সবাই সংযত হয়েছেন। তার মতে, বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকূলেই রয়েছে।
ঠাকুরগাঁওয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফর স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেও দাবি করেন তিনি। এ সফর বিএনপির রাজনীতিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
নির্বাচন নিয়ে প্রত্যাশার বিষয়ে তিনি বলেন, গত ১৫–১৬ বছর ধরে বিএনপি যে গণতান্ত্রিক উত্তরণের জন্য আন্দোলন করেছে, এই নির্বাচন সেই পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। সুষ্ঠু ভোট হলে দেশ আবার গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবে এবং রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াতসহ অন্য দলগুলোর প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, নতুন বা কৌশলী দলগুলো বিভিন্নভাবে প্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তির চেষ্টাও হচ্ছে। তবে এসব শেষ পর্যন্ত কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি।
ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, মানুষ সচেতন। কাউকে সহজে বিভ্রান্ত করা যাবে না। ভোট দেওয়া নাগরিকের অধিকার, তাই সবাইকে কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





