স্টাফ রিপোর্টার | ১৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে রক্তপাতহীন ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকেই আগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
সোমবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল্যায়ন জনগণ, গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর ছেড়ে দিতে চান তিনি। নির্বাচন নিয়ে একপাক্ষিক প্রশংসা বা সমালোচনার পরিবর্তে সব দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়ার মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য নিহিত বলে মন্তব্য করেন তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের সময় কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করেনি। আইন, বিবেক ও জবাবদিহিতার জায়গা থেকেই কমিশন কাজ করেছে।
তিনি বলেন, “আমাদের নিয়ত ছিল একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আয়োজন করা এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা।”
সিইসি আরও জানান, আগের অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ স্বাধীনতা ও সহযোগিতা দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। বরং সরকার প্রধান কমিশনকে স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই প্রার্থী মনোনয়নের ঘোষণা দিচ্ছে, যা নতুন উদ্বেগ তৈরি করছে।
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে প্রায়ই সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। তাই রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতায় পৌঁছানো উচিত।
তিনি আরও বলেন, “একটি নির্বাচন ভালো হলেই হবে না, আমরা দেশে ভালো নির্বাচনের একটি স্থায়ী সংস্কৃতি চালু করতে চাই।”
এজন্য রাজনৈতিক দল, ভোটার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরএফইডি’র ভূমিকার প্রশংসা করে সিইসি বলেন, সংগঠনটি শুধু নির্বাচন কমিশনের কার্যক্রম প্রচারেই নয়, ছোট-বড় সব রাজনৈতিক দলের বক্তব্য জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি জানান, মাঠ পর্যায়ে প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারাই অধিকাংশ সিদ্ধান্ত নেন। কোথাও ত্রুটি থাকলে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তা সমাধানের চেষ্টা করা হবে।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ও পরিচালনা বিধিমালা সংশোধনের কাজ চলছে। প্রস্তুতি শেষে সরকারের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আরএফইডি’র সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হেলাল হাফিজ, ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি ফাহিম আহমেদ।





