স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা–৬ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বলেছেন, “কাগজে-কলমে সামান্য কিছু পরিবর্তন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে যায় না। আমাদের রাজনৈতিক চিন্তা-চেতনা ও মানসিকতায় পরিবর্তন আনতেই হবে।”
তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই, কিন্তু কিছু প্রার্থীর ভাষণ ও আচরণে প্রমাণ হয়েছে তারা জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসতে পারবে না জেনেই প্রশাসন দখলের মাধ্যমে ক্ষমতা চাইছে।
তিনি অভিযোগ করেন, “প্রশাসনকে দিয়ে যাকে খুশি ‘উঠস’ করানো, গ্রেফতার করানোর মতো হুমকি যারা দেয় তারা জনগণকে ভয় দেখিয়েই টিকে থাকতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা নয়।”
মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের একক সম্পদে পরিণত করার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো দলের ছিল না, কোনো ব্যক্তিরও ছিল না—এটি ছিল জনগণের যুদ্ধ।”
আওয়ামী লীগের লুটপাটের অভিযোগ তুলে ইসরাক হোসেন বলেন, “গত ১৭ বছরে ৩০ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করা হয়েছে। এই অর্থ দেশের অর্থনীতিতে থাকলে ছয়টি জাতীয় বাজেট তৈরি হতো। দারিদ্র্যসীমার নিচে থাকা বিপুল জনগোষ্ঠীকে আমরা অনেক আগেই উন্নত অবস্থায় নিতে পারতাম।”
তিনি আরও বলেন, আগামী দিনে রাষ্ট্রে সুষম সম্পদ বণ্টন ও মাফিয়াতন্ত্র বন্ধ করে জনগণের সম্পদ জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে।
তিনি ঘোষণা দেন, “জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ ছাড়া রাষ্ট্র সংস্কারের আর কোনো পথ নেই। হাসিনার বিচারও হবে, নির্বাচনেরও আয়োজন হবে—আমরাই তা নিশ্চিত করব।”
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের প্রার্থী। আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠালে জনগণের দাবি-দাওয়ায় জোরালো ভূমিকা রাখব।”
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তিনি বলেন, “উনি কিছুটা স্থিতিশীল আছেন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরুন। বাংলাদেশের এখন খালেদা জিয়ার মতো একজন মুরব্বী খুব প্রয়োজন।”
তিনি আরও জানান, খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমানের নেতৃত্বেই তাদের আন্দোলন চলেছে। এ সময় তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানো হচ্ছে।





