স্টাফ রিপোর্টার | ৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমান-কে মোহাম্মদ বিন সালমান আল সৌদ আনুষ্ঠানিকভাবে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ-এর বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়। এ সময় সৌদি রাষ্ট্রদূত যুবরাজের পাঠানো আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এর জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।
হুমায়ুন কবির জানান, বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং দেশটি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ।





