স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোহিঙ্গা পাসপোর্ট, নিরাপত্তা ও বিনিয়োগ ইস্যুতে আলোচনা; সম্পর্ক জোরদারে জোর

স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যুর বিষয়ে রাষ্ট্রদূত প্রক্রিয়া ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে মন্ত্রী জানান, প্রয়োজনীয় প্রমাণের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া দ্রুত করতে বিশেষ টিম কাজ করছে।

তিনি সতর্ক করে বলেন, পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যোগ্যদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশনা দেন তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। মন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান এবং আগামী জুলাইয়ের প্রথমার্ধে সফরের সম্ভাবনার কথা জানান।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।