স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত Mikhail Kasko (মিখাইল কাসকো) সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ জাতীয় সংসদে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, কৃষি যান্ত্রিকীকরণ, সার আমদানি এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ-বেলারুশ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বলেন, বেলারুশ সামরিক সরঞ্জাম উৎপাদনে বিশ্বের অন্যতম দেশ। বাংলাদেশ চাইলে ড্রোনসহ আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে সহযোগিতা করতে পারে। এ বিষয়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, বেলারুশ বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হওয়ায় বাংলাদেশ সেখানে থেকে সার আমদানির নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণে বেলারুশের কারিগরি সহযোগিতা নেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া বেলারুশের এক নাগরিকের ফৌজদারি মামলার বিষয়ে রাষ্ট্রদূত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রয়োজনীয় আইনগত সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত এসময় মন্ত্রীকে বেলারুশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, বেলারুশ দূতাবাসের প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





