স্টাফ রিপোর্টার | ১৩ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। জাতীয় সংসদের সব সদস্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছেন বলেও বৈঠকে উল্লেখ করা হয়।
বৈঠকে জানানো হয়, মাদক নির্মূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
পরে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া কার্যক্রম পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটির সামনে উপস্থাপন করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারী বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের জন্য মন্ত্রণালয়ের অধীন সব সংস্থার খাতওয়ারী বাজেট ও ব্যয় বিভাজনসংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।
জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল ও অপরাধ দমনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে এসব কার্যক্রমে সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর তদারকি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদ, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।





