স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের টিকা না দিয়ে ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে পূর্ববর্তী সরকারগুলো

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তারেক রহমান।

তিনি অভিযোগ করে বলেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সামনের দিনে আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারের নির্দেশনা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, ড. এম এ মুহিত এবং সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।