স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

কেমব্রিজের বিশেষায়িত হাসপাতালে ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৮ মে দেশে ফেরার কথা রয়েছে

স্টাফ রিপোর্টার | ৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল (শনিবার) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা-সহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তাঁর সফরসঙ্গী হবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুর-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।