✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

হরমুজ প্রণালিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানকে অনুরোধ

উপসাগরীয় উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার; সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান বাংলাদেশের

স্টাফ রিপোর্টার | ২০ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানানো হয়।

ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষ এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয়।

ড. খলিলুর রহমান বলেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শন ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায়।

ইরানের পক্ষ থেকে বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করা হয় এবং সুবিধাজনক সময়ে তেহরান সফরের আশাও প্রকাশ করা হয়।

এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকেও একই অনুরোধ জানানো হয়েছিল।