স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার। বুধবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদে এ তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ৩৫টি জেলা নিয়ে পৃথক ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
সংসদে বক্তব্য দিতে গিয়ে হাওরের কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরেন তিনি। আবেগাপ্লুত কণ্ঠে বলেন, শিলাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলের একমাত্র ফসল তলিয়ে যাচ্ছে। ফলে সারা বছর জীবিকার জন্য এসব মানুষকে অন্যের ওপর নির্ভর করতে হবে।
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, হাওর অঞ্চলকে রক্ষা করতে হলে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন জরুরি। এতে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।





