হ্যান্ডসেট নিবন্ধন নীতি সংশোধন না হলে ব্যবসা হুমকিতে—বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা

হ্যান্ডসেট নিবন্ধন চালুর আগে শুল্ক ৫৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর দাবি তাদের

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ০৭ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
আগামী ১৬ই ডিসেম্বর দেশজুড়ে চালু হতে যাচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা এনআইআর (NIIR) প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালুর আগে নিজেদের ব্যবসা সুরক্ষিত রাখতে নীতি সংস্কারের দাবিতে আজ সকাল থেকে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করছেন দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা।
সকাল ১০টার পর থেকেই রাজধানীর বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। তারা জানান—এনআইআর চালুর বিরোধিতা নয়, বরং চালুর আগে ব্যবসার স্বার্থে কিছু জরুরি দাবি বাস্তবায়ন প্রয়োজন।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, এনআইআর কার্যকর হলে কর ফাঁকি দিয়ে আসা কোনো হ্যান্ডসেট নেটওয়ার্কে সর্বোচ্চ এক মাসের বেশি সচল থাকবে না এবং পরে তা স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে তারা যে স্টকে প্রায় ৫০ লাখের বেশি হ্যান্ডসেট রাখছেন—বিটিআরসির তথ্য অনুযায়ী—সেগুলো বৈধভাবে নেটওয়ার্ক-সক্ষম করতে কর-ভ্যাট সমন্বয় অত্যন্ত জরুরি।
তাদের প্রধান দাবি হলো—
হ্যান্ডসেট আমদানিতে বর্তমানে প্রযোজ্য ৫৮ শতাংশ কর–ভ্যাট কমিয়ে ১৫ শতাংশে নামানো,
স্টকে থাকা হ্যান্ডসেট বৈধ করার উপযোগী নীতি প্রণয়ন,
ব্যবহৃত হ্যান্ডসেট অন্যের কাছে হস্তান্তরের ক্ষেত্রে ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা।
ব্যবসায়ীরা বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসে এসব দাবি বাস্তবায়ন করা হলে এনআইআর চালু হলেও বাজার স্থিতিশীল থাকবে এবং ব্যবসায়িক ক্ষতি হবে না।
অন্যদিকে বিটিআরসির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে—হ্যান্ডসেট শুল্ক সমন্বয় বিষয়ে তারা ইতিবাচক এবং বিষয়টি নিয়ে এনবিআর ও ডাক-টেলিযোগাযোগ মন্ত্রণালয় কাজ করছে। দ্রুতই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলেও জানা গেছে।
বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন—কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।