স্টাফ রিপোর্টার, ৯ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম-১১ আসনে তাদের মূল ক্যাম্পেইন থিম ছিল ‘১১ তে ১১’। তিনি জানান, ‘১০ এ ১০’ নয়, বরং জনগণের কাছে দেওয়া ১১টি অঙ্গীকার পূরণের প্রতিশ্রুতি থেকেই এই স্লোগান নেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হলে এই ১১টি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। সাংবাদিকদের দেওয়া লিফলেটের প্রসঙ্গ টেনে তিনি সংক্ষেপে অঙ্গীকারগুলো তুলে ধরেন।
প্রথম অঙ্গীকার হিসেবে তিনি আধুনিক ও জনবান্ধব চিকিৎসা ব্যবস্থার কথা উল্লেখ করেন। তার দাবি, চট্টগ্রাম-১১ আসনের একটি বড় এলাকায় এখনো কোনো বড় হাসপাতাল বা উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। এ অবস্থায় সেখানে ১২০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই হাসপাতাল পুরো অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দ্বিতীয় অঙ্গীকার হিসেবে তরুণদের কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ কর্মবাজারে প্রবেশ করছে। কর্মসংস্থান এখন দেশের অন্যতম বড় চাহিদা। বিএনপির পক্ষ থেকে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির যে পরিকল্পনা ঘোষণা করা হয়েছে, সেটি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণেই এই অঙ্গীকারগুলো করা হয়েছে এবং নির্বাচিত হলে তা বাস্তবায়নে কাজ করা হবে।





