স্টাফ রিপোর্টার, ১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি মনে করেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হতে পারে।
রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার তার চেয়ে বেশি ভোটার অংশগ্রহণ করবেন বলে তিনি বিশ্বাস করেন। রাজনৈতিক ঐকমত্যের প্রসঙ্গ টেনে তিনি জানান, আগে কিছু মানুষের মধ্যে ‘হ্যাঁ’ ভোট নিয়ে সংশয় থাকলেও এখন প্রধান রাজনৈতিক দলগুলো এর পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, সাধারণত ভোটাররা তাদের দলীয় অবস্থান অনুসরণ করে ভোট দিয়ে থাকেন। যেহেতু বড় দলগুলো এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, তাই এটি সহজেই পাস হবে বলে তার ধারণা।
এক প্রশ্নের জবাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেননি। তার ভাষায়, এটি পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তিনি আরও বলেন, ভারত সফর না করার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব অবস্থান, আর পাকিস্তান খেলবে কিনা সেটি তাদের ব্যাপার।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার এবং ডিক্যাবের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।





