১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

মনোনয়নপত্র সংগ্রহ ২ হাজার ৭৮০, জমা পড়েছে ৩১টি স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি ঢাকা: আগামী…

Posted by:

on

মনোনয়নপত্র সংগ্রহ ২ হাজার ৭৮০, জমা পড়েছে ৩১টি

স্টাফ রিপোর্টার | ২৯ ডিসেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এসব তথ্য নিশ্চিত করেন।

ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী আজ সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

তবে ১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে এবং আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করা হয়।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন সংসদ গঠনের লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানানো হচ্ছে।

তফসিল অনুযায়ী—
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, সোমবার
মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি রোববার পর্যন্ত।
বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত।
আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার
প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি বুধবার

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।