১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঢাকায় আসার সম্ভাবনা

ফজলে এলাহী আকবর জানালেন— বিশেষ নিরাপত্তা বলয়েই দেশে ফিরবেন তারেক রহমান

Posted by:

on

নিজস্ব প্রতিবেদক │ নিউজ চ্যানেল বিডি │ ঢাকা
চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ১৭ বছর পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

ফজলে এলাহী আকবর বলেন, “ভূ-রাজনৈতিক কারণ ও দেশের বর্তমান পরিস্থিতির কারণে নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনায় আছে। তার নিরাপত্তায় সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্স (এসএসএফ) থাকবে বলে আমরা আশা করছি।”

দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওমরাহ পালন করবেন তারেক রহমান, জানিয়েছেন বিএনপির এই নিরাপত্তা উপদেষ্টা।

এদিকে জানা গেছে, দেশে ফিরে গুলশানে মায়ের বাড়ির পাশেই থাকবেন তারেক রহমান। এজন্য গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটিতে সংস্কার কাজ চলছে, বাড়িটির বাইরেও নতুন রং করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করতে সীমানা প্রাচীরের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

এ ছাড়া গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ চলছে, যেখানে তারেক রহমান অফিস করবেন বলে জানা গেছে।

সম্প্রতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্সের বিষয়টিও শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ফজলে এলাহী আকবর।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন তারেক রহমান।