স্টাফ রিপোর্টার | ১০ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের পাঁচটি জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ সেবা চালু করা হবে। এ লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ই-হেলথ কার্ড প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে প্রথম পর্যায়ে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণ এই সেবার আওতায় আসবেন।
তিনি আরও বলেন, ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর হবে।
সংসদে প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নেওয়া ১৮০ দিনের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।
তিনি জানান, নারী প্রধানকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমে দেশের ১০টি জেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিদের মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৬৬টি খাল খনন ও পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত খনন বা পুনঃখনন করা খালের মোট দৈর্ঘ্য ৯৬৫ দশমিক ০৪ কিলোমিটার।
এ ছাড়া ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।
শিক্ষা খাতে আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়ার আগেই সার্টিফিকেট অব এলিজিবিলিটির ভিত্তিতে ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
ক্রীড়া প্রতিভা বিকাশে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত পাঁচটি তারকা চিহ্নিত প্রশ্নের মধ্যে তিনি তিনটির উত্তর দেন এবং বিভিন্ন সম্পূরক প্রশ্নের জবাব প্রদান করেন।





