২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, প্রস্তুতি সম্পন্ন: সিইসি

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ, ভোটার ৩৪৯ জন

স্টাফ রিপোর্টার | ১৯ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, আগামীকাল ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাওয়া যাচ্ছে। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন আশাবাদী।

সিইসি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন—এ বিষয়টি দেশবাসী, পুরো জাতি ও বিশ্ববাসী জানে।

তিনি বলেন, ১৯৯১ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আর রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। ফলে এ ধরনের নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট অনেকেই অভ্যস্ত নন। তবে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করেছে, যাতে পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ঘাটতি না থাকে।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন ও বিধিমালার আলোকে পরিচালিত হবে। জাতীয় সংসদের অধিবেশন চলমান না থাকলেও নির্বাচনের জন্য সংসদের বৈঠক আহ্বান করা হবে এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা ভোটার হিসেবে ভোট দেবেন।

সিইসি জানান, আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। বিকেল ৫টায় ভোট গণনা শুরুর সময়ও লাইভ টেলিকাস্ট করা হবে।

তিনি বলেন, ভোটার সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চলে যেতে বাধ্য নন। তারা চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।

ভোট গণনা শেষে প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন এবং কত ভোট বাতিল হয়েছে, তার বিস্তারিত ফল ঘোষণা করা হবে বলে জানান সিইসি। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করে পরবর্তীতে গেজেট প্রকাশ করা হবে।