২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ — মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

মা-ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, জেলেদের মুখে হাসি — মধ্যরাত থেকেই জাল ফেলতে পারবেন তারা

Posted by:

on

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় জারি করা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টায়।
নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন হাজারো জেলে।

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলাকালে সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

এবারের নিষেধাজ্ঞায় আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিন অন্তর্ভুক্ত করা হয়, যাতে মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরামর্শে এ সময়সীমা নির্ধারণ করা হয়।

গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা-ইলিশ নিরাপদে ডিম ছাড়তে সক্ষম হয়েছিল।
এর ফলে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ যুক্ত হয়েছে ইলিশের প্রজনন চক্রে।

এই ডিম থেকে উৎপন্ন রেণু বা পোনা (জাটকা) ভবিষ্যতে পরিপক্ব ইলিশে পরিণত হয়ে দেশের ইলিশ সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।