স্টাফ রিপোর্টার, ১৮ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। তাকে বহনকারী বিমানটি ওইদিন বেলা ১২টার দিকে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে দলীয়ভাবে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে তার চলাচলের রুট, নিরাপত্তা ব্যবস্থা এবং সম্ভাব্য সংবর্ধনা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি আরও জানান, দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ জনগণও তাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
দলীয় সূত্র জানায়, জনদুর্ভোগ এড়িয়ে শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব প্রস্তুতি চূড়ান্ত হলে দেশি-বিদেশি গণমাধ্যমকে সময়মতো বিস্তারিত জানানো হবে।





