চট্টগ্রাম ব্যুরো | নিউজ চ্যানেল বিডি
চট্টগ্রাম, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানা ভবনে লাগা আগুন নয় ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন ছড়িয়ে পড়েছে ভবনের নিচতলা পর্যন্ত। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। শুরুতে আগুন ভবনের সপ্তম তলায় লাগলেও পরে তা ধীরে ধীরে নিচের তলাগুলোতেও ছড়িয়ে পড়ে।
রাত ৯টার দিকে ভবনের উপরের কয়েকটি তলার ছাদের সিলিং গলে ভেঙে পড়তে দেখা গেছে। রাত পৌনে ১০টার দিকে ভবনে ফাটল দেখা দেয়, বলে নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা সাংবাদিক মিন্টু চৌধুরী।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের সপ্তম তলায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। ভবনে থাকা ‘অ্যাডামস ক্যাপ’ ও ‘জিহং মেডিকেল কোম্পানি’ নামের দুটি প্রতিষ্ঠান মূলত ক্যাপ, তোয়ালে ও সার্জিক্যাল গাউনসহ চিকিৎসা সরঞ্জাম তৈরি করে।
সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, “ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।”
ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া জানান, আগুন লাগার সময় কারখানার শ্রমিকরা দুপুরের খাবারের বিরতিতে থাকায় অধিকাংশই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
এদিকে বিকাল থেকে ঘটনাস্থল ঘিরে প্রচুর উৎসুক মানুষের ভিড় দেখা যায়। আগুন লাগার পর আশপাশের কয়েকটি কারখানায় অগ্রিম ছুটি ঘোষণা করা হয়।





