স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ ২৫ তারিখে তিনি দেশে পৌঁছাবেন। দিনটাও খুব ভালো—বড়দিনের ছুটি, একটি চমৎকার দিন।”
তিনি জানান যে দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠকে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে হতে পারে বলে সিদ্ধান্ত হয়েছিল। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
“আমরা জাতিকে জানাতে চাই যে গণতন্ত্র উত্তোলনের পথে যে বাধাগুলো ছিল, চেয়ারম্যান দেশে এলেই সেগুলো দূর হবে। জাতির সামনে প্রকৃত তথ্য ও বাস্তবতা তুলে ধরায় আপনারা গণমাধ্যমের সহায়তা করবেন বলেই আশা করি।”
ফখরুল বলেন, সুষ্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলের পক্ষ থেকে ঘটনাবলী পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হবে।
হাদীর ওপর হামলার নিন্দা
ইনকিলাব পার্টির সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীর ওপর হামলার ঘটনা তীব্র নিন্দা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “এই হত্যাচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন বানচাল করার লক্ষ্যেই অপশক্তি এই ধরনের হামলা চালাচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
উত্তেজনা সৃষ্টিকারীদের সতর্কবার্তা
ঘটনাস্থলে বিএনপির সিনিয়র নেতা আব্বাসসহ দলের কয়েকজন নেতা গেলে কিছু ব্যক্তি উত্তেজনামূলক স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ফখরুল বলেন, “বিএনপি সন্ত্রাস চায় না, সংঘাতও চায় না। কিন্তু বিএনপির ওপর আঘাত এলে সে জবাব দিতে জানে।”
তিনি নির্বাচনকালীন উত্তেজনা না বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানান।
— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)





