আগামী ১২ তারিখের ভোট ঘিরে কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান

চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর অবস্থানের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

স্টাফ রিপোর্টার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

আসন্ন ১২ তারিখের নির্বাচনে দেবীদ্বারকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগামী পাঁচ বছর দেবীদ্বার উল্টো পথে হাঁটবে নাকি উন্নতির পথে যাবে, সেই সিদ্ধান্ত নেবে জনগণ।

এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, প্রার্থীর কাছে ভোট নেই, ভোট আছে ভোটারের কাছে। তাই প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তিনি উল্লেখ করেন, উপজেলায় মোট ১১৬টি কেন্দ্র রয়েছে, একা তার পক্ষে সব কেন্দ্রে যাওয়া সম্ভব নয়। এজন্য প্রত্যেক কর্মীকে অন্তত ১০ জন ভোটারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসার সংস্কৃতি গড়ে উঠেছে। তিনি ঘোষণা দেন, ১২ তারিখ সূর্যাস্তের পর এসব কর্মকাণ্ডের ‘চ্যাপ্টার ক্লোজ’ হবে। কেউ তার নাম ব্যবহার করে বাজার দখল বা চাঁদাবাজির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতির আড়ালে কেউ ব্যক্তিস্বার্থ হাসিল করতে পারবে না। নিজের বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না বলেও দাবি করেন তিনি।

সভায় তিনি এলাকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেবীদ্বারকে দেশের ৪৯৪টি উপজেলার মধ্যে উদাহরণ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। চলমান সড়ক উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান।

এ সময় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, অতীতের ভুলে জড়িতদের সুযোগ দিয়ে মূলধারায় ফেরাতে হবে, তবে অপরাধের সঙ্গে আপস করা হবে না। তিনি ঐক্য ও সহনশীলতার মাধ্যমে দেবীদ্বারকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।