বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় জামায়াতকেই নিতে হবে: আমিনুল হক

ঢাকা-১৬ আসনে বহিরাগত অবস্থান ও উসকানির অভিযোগ, সতর্কবার্তা বিএনপি প্রার্থীর

স্টাফ রিপোর্টার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-১৬ আসনে নির্বাচনী এলাকায় বহিরাগতদের উপস্থিতি ও সম্ভাব্য বিশৃঙ্খলা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী । তিনি বলেন, নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তির অবস্থান বা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।

শনিবার প্রচারণার ১৭তম দিনে মিরপুর-১২ ও আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী বিভিন্ন এলাকায় বহিরাগত ও ভাড়াটিয়া লোকজন জড়ো করছেন, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

আমিনুল হক বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী নিজ এলাকার ভোটার না হলে কোনো ব্যক্তির সেখানে অবস্থান করার সুযোগ নেই। বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে ও নিঃসঙ্কোচে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করতে হবে। একটি ভোটই জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার শক্ত ভিত্তি গড়ে দিতে পারে।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যদি উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।