পার্বত্য চট্টগ্রামে আধুনিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়তে সহযোগিতা চাইলেন সাচিং প্রু

কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশ চাষ বাড়ানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে আধুনিক কৃষিভিত্তিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

আজ দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে পৌঁছালে কৃষিমন্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বৈঠকে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন এবং দুই মন্ত্রণালয়ের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পার্বত্য অঞ্চলের সম্ভাবনা ও কৌশল তুলে ধরে সাচিং প্রু বলেন, পার্বত্য এলাকার দুর্গম অঞ্চলগুলোতে ক্ষতিকর তামাক ও নেশাজাতীয় উদ্ভিদ চাষ পুরোপুরি বন্ধ করাই প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, সমতলের কৃষকদের মতো পার্বত্য অঞ্চলের কৃষকদেরও আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি।

সাচিং প্রু বলেন, কৃষি বিপ্লবের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যাপক উৎপাদন বাড়ানোর এখনই উপযুক্ত সময়।

দেশে নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা মেটাতে কফি, কাজুবাদাম, হলুদ, ইক্ষু ও বাঁশ চাষ বাড়িয়ে পার্বত্য চট্টগ্রাম জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ পার্বত্য মন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি ও সমতল—উভয় এলাকার কৃষকদের ভাগ্য পরিবর্তন এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কৃষি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।