১৭ বছর পর দেশে ফিরে বিজয়ের দ্বারপ্রান্তে তারেক রহমান

সরকার গঠনের পথে বিএনপি, ১৮ ফেব্রুয়ারির মধ্যেই শপথের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার |১৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি


দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই ব্যক্তিগত ও রাজনৈতিক নানা ধকল পেরিয়ে এখন বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরপরই তিনি তার মাকে হারান। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরো প্রক্রিয়া জুড়ে ছিল টানটান উত্তেজনা ও ব্যস্ততা।

বর্তমান ফলাফলের চিত্রে বিএনপি ১৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ফল ঘোষণা ও গেজেট প্রকাশ করলে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাষ্ট্রপতি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর হতে পারে। এর আগে প্রধান উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতির কথা জানিয়েছিলেন। সেই হিসাবে তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

সারাদিন গুলশানে দলের কার্যালয়ে অবস্থান শেষে আজ সন্ধ্যায় বাসার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। সম্ভাব্য বিজয় ঘিরে নেতাকর্মীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, কিছু আসনে ফলাফল ঘোষণায় অসঙ্গতি রয়েছে। বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকা-১৯ আসনের একটি কেন্দ্রে প্রকৃত ফলাফল উল্টোভাবে ঘোষণা করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

চূড়ান্ত ফল ও গেজেট প্রকাশের পরই সরকার গঠন ও শপথের বিষয়ে পরিষ্কার চিত্র মিলবে।