স্টাফ রিপোর্টার | ১৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
ঢাকা-১৬ আসনে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন প্রার্থী আমিনুল হক। তিনি দাবি করেন, তার এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সহযোগিতায় একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। বিভিন্ন কেন্দ্রে গিয়ে তিনি নিজেও ভোটারদের অংশগ্রহণ দেখেছেন। অনেক ভোটার তাকে জানিয়েছেন যে তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কেন্দ্রে ভোট গ্রহণ ধীরগতিতে চলেছে বলে অভিযোগ করেন তিনি। অনেক ভোটার তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি বলে দাবি তার। কিছু স্থানে লাঠিচার্জ ও ভীতিকর পরিস্থিতির কারণে ভোটার উপস্থিতি কমে যায় বলেও অভিযোগ করেন তিনি।
আমিনুল হক বলেন, দুপুরের পর প্রত্যাশিত হারে ভোটার উপস্থিতি দেখা যায়নি। দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলার কারণে অনেকেই কেন্দ্র ত্যাগ করেছেন বলে তিনি জানান।
ভোট গণনার সময় আট থেকে দশটি কেন্দ্রকে টার্গেট করে ফলাফল প্রভাবিত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার দাবি, এসব কেন্দ্রে তার এজেন্টদের বাইরে রাখা হয় অথবা দূরে বসিয়ে রাখা হয়, যাতে তারা গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে না পারেন।
তিনি আরও দাবি করেন, একটি ভিডিওতে একজন প্রিজাইডিং অফিসারকে ব্যালটে সিল মারতে দেখা গেছে। বিষয়টি তদন্তের জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





