স্টাফ রিপোর্টার, ১৮ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো রাষ্ট্র পুনর্গঠন এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করা।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা হবে। তিনি জানান, সরকার একটি বড় লক্ষ্য সামনে রেখে দায়িত্ব নিয়েছে এবং প্রধানমন্ত্রীর মূল দর্শন ‘জাতি পুনর্গঠন’। সেই পরিকল্পনা বাস্তবায়নেই মন্ত্রিসভা কাজ করছে।
জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার বিভিন্ন পদ শূন্য থাকার বিষয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে এসব শূন্যতা পূরণে উদ্যোগ নেওয়া হবে। এটি তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও দ্রুত প্রক্রিয়া শুরু হবে।
অতীতে এই মন্ত্রণালয়ে কাজের অভিজ্ঞতা থাকায় দায়িত্ব দ্রুত গুছিয়ে নিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুর্নীতি ও সুশাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়ম খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানুষের সমস্যা সমাধানই থাকবে অগ্রাধিকার।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে এবং ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে আসছে। সরকার পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করছে বলে জানান তিনি।
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, ক্যাবিনেট বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৮ মাসের উপদেষ্টা পরিষদের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের একটি বিশেষ সময়ে তারা দায়িত্ব পালন করেছেন এবং বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছেন।





