✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সাত অগ্রাধিকার নিয়ে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার | ১৮ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণসহ সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার।

আজ বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘সেকেন্ড গ্লোবাল মিনিস্ট্রারিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’ শীর্ষক সম্মেলনের প্লেজিং সেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

আজ ঢাকায় প্রাপ্ত নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করে মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা প্রণয়ন করা হয়েছে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে এতে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরে মন্ত্রী বলেন, প্রথমত, শক্তিশালী শিশু সুরক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী সমন্বয় ব্যবস্থা এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সুশাসন, সমন্বয় ও অর্থায়ন জোরদার করা হবে।

দ্বিতীয়ত, সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের অধিকতর সুরক্ষা দিতে শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে।

তৃতীয়ত, জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানো হবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সাথে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

চতুর্থত, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবা খাতে জনবল বৃদ্ধি এবং শিশু সুরক্ষা ও সহায়তা সেবাগুলো আরও শক্তিশালী করা হবে।

পঞ্চম অগ্রাধিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনলাইনে সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জরুরি অবস্থা ও ডিজিটাল পরিসরে শিশুদের সুরক্ষা জোরদার করা হবে।

ষষ্ঠত, অগ্রগতি ও ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য শিশু সুরক্ষায় তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ এবং জবাবদিহিতা কাঠামো শক্তিশালী করা হবে।

সপ্তমত, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ, সুরক্ষিত এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।

ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের আইনপ্রণেতা ও প্রতিনিধি, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।