স্টাফ রিপোর্টার :২৮ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ের সরকারি বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলার চলমান এবং আগাম উন্নয়ন প্রকল্পসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি জানিয়েছেন, মেডিকেল কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যেই একটি টিম জমি পরিদর্শন করেছেন। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
মাদক নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। পুলিশ সুপারের তত্ত্বাবধানে আজ থেকেই কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও, হাসপাতালের সেবা উন্নয়ন, পৌরসভা উন্নয়ন, কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।
ফখরুল বলেন, মহিলাদের এবং যুবকদের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রাথমিকভাবে রহিমনপুর ইউনিয়নে পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হবে।
বক্তব্যে তিনি জেলা প্রশাসকের বিদায়ের বিষয়টিও উল্লেখ করেন এবং নতুন কর্মকর্তারও একইভাবে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে গুরুত্ব দেবে বলে আশা প্রকাশ করেন।
তিনি দুর্নীতি নিয়ন্ত্রণ ও দুদকের ভূমিকার বিষয়েও মন্তব্য করে বলেন, যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সরকারি জমি দখলের অভিযোগে একটি মামলার প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
ফখরুল আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সময় অপচয় না করে কার্যকর পদক্ষেপ নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত।





