স্টাফ রিপোর্টার, ০৪ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ সকালে রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। সকাল ১১টায় প্রতিনিধি দলটি সেখানে প্রবেশ করে এবং প্রায় ৫০ মিনিট বৈঠক শেষে ১১টা ৫০ মিনিটে বের হয়ে আসে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এবং নিপুণ রায় চৌধুরী।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল মঈন খান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র এবং অতীতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে। নতুন সরকার গঠনের পর দেশের পরিস্থিতি, সরকারের নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে স্বাভাবিকভাবেই তারা আগ্রহী।
তিনি জানান, বৈঠকে মূলত দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক, ভবিষ্যৎ সরকারের নীতিমালা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক, বৈদেশিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই সিনিয়র নেতা।





